
খুলনা বটিয়াঘাটায় অনলাইন সাইবার টিমের সদস্যরা ব্যাংক হ্যাকিং করে, ১০লক্ষ টাকা তুলে নিয়েছে ব্যাংক থেকে।
বটিয়াঘাটা উপজেলার ৩নং গঙ্গারামপুর ইউনিয়নের দেবিতলা গ্রামের পঞ্চানন রায়ের পুত্র প্রান্ত রায়, সুকুমার বিশ্বাসের পুত্র সেতু বিশ্বাস ও পরিমল বিশ্বাসের পুত্র মাস্টার মাইন্ড শোভন বিশ্বাসের বিরুদ্ধে দেশের বিভিন্ন ব্যাংক একাউন্ট থেকে হ্যাকের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তথ্যনুসন্ধ্যানে সংশ্লিষ্ট ব্যাংক থেকে জানা গেছে, দেশর বিভিন্ন ব্যাংক থেকে প্রান্ত ও সেতুর একাউন্ট থেকে প্রায় ১০ লক্ষ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঢাকার যাত্রাবাড়ী থানার শনিরআখড়া এলাকার বাসিন্দা মো. সেলিমের এফআইসি ব্যাংক হিসাবে থাকা ৪০ হাজার ৫০০ টাকা কৌশলে সরিয়ে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, ওই অর্থ প্রথমে প্রান্ত রায়ের নামে থাকা ব্র্যাক ব্যাংকের একটি হিসাবে স্থানান্তর করা হয়। পরে সেখান থেকে অর্থ সেতু বিশ্বাসের ব্যাংক হিসাবে স্থানান্তর করে উত্তোলন করা হয়। সেই সূত্র ধরে বিভিন্ন গোয়েন্দা সংস্থা অনুসন্ধান করতে থাকেন। অনুসন্ধানে উঠে আসে এই সব তথ্য। সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলোতে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ অর্থের লেনদেন হয়েছে। এসব লেনদেনের প্রকৃত উৎস, অর্থের গন্তব্য এবং এর সঙ্গে কারা জড়িত তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে শুরু করে।
এ ঘটনায় দেশের বিভিন্ন থানায় মামলা ও সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানা গেছে। তদন্ত করে দেখতে পায় অর্থের উৎস ও লেনদেনের সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে মূল মাস্টার মাইন্ড শোভন।
অভিযোগের বিষয়ে প্রান্ত রায়, সেতু বিশ্বাস ও শোভন বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ব্যবহৃত মুঠোফোনে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।