
খুলনায় গিলাতলা এলাকায় গরুর মাংস ব্যবসায়ীর কাছে
50 হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তিন বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
একাত্তর বাংলা ডেস্ক:
খুলনা নগরীর খানজাহান আলী থানার দক্ষিণ গিলাতলা এলাকায় গরুর মাংসের ব্যবসা চালিয়ে যেতে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে তিন বিএনপি নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অভিযুক্তরা হলেন আটরা গিলাতলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল্লাহ তারেক, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী আরমান শেখ প্রায় এক মাস ধরে গফফার ফুডের পাশে সড়কের ওপর প্রতি শুক্রবার গরু জবাই করে মাংস বিক্রি করে আসছিলেন। সম্প্রতি সাইফুল্লাহ তারেক, আনোয়ার হোসেন ও জিয়াউর রহমান জিয়াসহ কয়েকজন তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ওই এলাকায় মাংসের ব্যবসা করতে হলে প্রতি সপ্তাহে তিন কেজি করে গরুর মাংস দিতে হবে বলে তাকে হুমকি দেওয়া হয়। পরে দাবি অনুযায়ী মাংস না দেওয়ায় সাইফুল্লাহ তারেকের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক তার ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ক্ষতিসাধন করেন বলে বাদী অভিযোগ করেছেন।
এছাড়া ২১ ও ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় দক্ষিণ গিলাতলা এলাকায় মব সৃষ্টি ও মাদক বিক্রির প্রতিবাদকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে বিরোধ ও মারামারির ঘটনাও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ আবুল বাশার জানান, স্থানীয় ট্রাকচালক ও মাংস ব্যবসায়ী আরমান শেখ গত ৩ অক্টোবর থানায় মামলাটি করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩৮৫, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
তিনি জানান, মামলায় করা চাঁদাবাজি, মারধর ও ভাঙচুরের অভিযোগ তদন্তাধীন। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা, ঘটনার সঙ্গে কারা জড়িত এবং ঘটনার প্রকৃত কারণ যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মামলার পর দক্ষিণ গিলাতলা এলাকায় ঘটনাটি নিয়ে আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।